হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ‘অর্ধশতাধিক’ আহত
আহতদের মধ্যে দুই পক্ষের অন্তত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
উপজেলার ইসলামপুর গ্রামে শনিবার দুপুরে এই সংঘর্ষ হয় বলে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান।
ওসি বলেন, ইসলামপুর গ্রামের ফজলু মিয়া ও মিজান মিয়া নামে দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জেরে দুপুরে নৌকা পারাপারকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়।
“ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়।”
এখলাছ মিয়া, মহিবুর রহমান, রুবেল মিয়া, মোশারফ হোসেন, রহমান মিয়া, উসমান মিয়া, ইমাম মিয়া, মাছুম মিয়া ও এরাশাদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
