২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু

তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 07:12 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাছান জানান।

নিহত মকবুল হাসান (৩৫) পৌরসদরের নয়ানগরের (নতুনবাড়ি) বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল মিয়ার (মনকুশ) ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মকবুল আচার বিক্রি করে সংসার চালাতেন। সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আচার বিক্রি করতে হবিগঞ্জের উদ্দ্যেশে রওনা দেন।

“পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।