ফেনীতে ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, স্কুলের অফিস সহকারী গ্রেপ্তার
বিদ্যালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা প্রাথমিক শুনানি শেষে দোষী সন্দেহে তাকে পুলিশে দেন।
ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নূর নবী (৪০) উপজেলার মতিগঞ্জ আরএম হাট কে উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের বকু হাজিবাড়ির ওয়াজি উল্লাহর ছেলে তিনি।
মঙ্গলবার বিকেলে স্কুল পরিচালনা কমিটি তাকে পুলিশে দেয় বলে সোনাগাজী থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান।
নূর নবীর বিরুদ্ধে ছাত্রীর মা মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ছাত্রীর মা লিখিত অভিযোগ দেওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে জানান প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেলে এ নিয়ে বৈঠক ডাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৈঠকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিনসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত হন। তারা ওই ছাত্রীর বক্তব্য শুনে সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করেন। তারপর তারা অফিস সহকারী নূর নবীকে সাময়িক বরখাস্ত করে পুলিশে দেন।
অফিস সহকারী নূর নবী অভিযোগ অস্বীকার করেছেন।
আটকের আগে তিনি বৈঠকে ম্যানেজিং কমিটিকে বলেন, “স্কুলের ছাত্রীদের আমি নিজের সন্তানের মত দেখি। আমি এমন কাজ করিনি।”
