যমুনা সার কারখানায় ৪৮৬ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ
দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে দুই বছরের জন্য এখানে শ্রমিক নিয়োগ দেওয়া হয়।
দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ৪৮৬ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে বৃহস্পতিবার ছাঁটাই হওয়া শ্রমিকসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও কাখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শ্রমিকরা জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে। দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে দুই বছরের জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়।
সর্বশেষ সাখাওয়াত আলম মুকুলের মালিকানাধীন মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মাধ্যমে ৪৮৬ জন শ্রমিক কর্মরত ছিল। জান্নাত এন্টারপ্রাইজের মাধ্যমে দৈনিক হাজিরায় কর্মরত শ্রমিকদের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার গত ১ সেপ্টেম্বর থেকে সকল শ্রমিককে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, ছাঁটাইয়ের প্রতিবাদ ও পুনরায় নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানা এলাকায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। দুপুরে যমুনা সার কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নাজমুল হুদা বাবু, সাজ্জাদ হোসেন সাগর, মোফাজ্জল হোসেন মেম্বার, আল মামুন, মশিউর রহমান মোর্শেদ ও শাহীন মিয়া।
শ্রমিকদের ভাষ্য, সার কারখানা কর্তৃপক্ষ ঠিকাদার নিয়োগ না দিয়ে নিজেরাই তাদের পছন্দমতো লোক নিয়োগের পাঁয়তারা করছে।
সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তারকান্দি ট্রাক ট্যাঙ্ক-লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। বিক্ষোভ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করা হয়। বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চুক্তিভিত্তিক ৪৮৬ জন শ্রমিকের মধ্যে ১৯৩ জনের নিয়োগ বিধি মোতাবেক আগেই বাতিল হয়েছে। বাকি ২৯৩ জনের মেয়াদকাল গত ৩১ অগাস্ট শেষ হয়। নতুন নিয়োগের জন্য ঠিকাদার নিযুক্ত করতে গত ১৮ জুলাই দরপত্র আহ্বান করা হয়েছিল; কিন্তু দায়িত্বরত ঠিকাদার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ আদালতে মামলা দায়ের করায় নতুন শ্রমিক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত আছে। এ ব্যাপারে মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মালিক সাখাওয়াত আলম মুকুল বলেন, এ বিষয়ে উচ্চ আদালত ও জেলা জজ আদালতে দুটি মামলা রয়েছে। যমুনা সার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের রিজিক নিয়ে ছিনিমিনি খেলছেন। তিনি ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন।
