ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ এক তরুণের মৃত্যু
১২ অগাস্ট রাতে লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ এক তরুণের প্রাণ গেছে। এ ঘটনায় দগ্ধ আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।
নিহত ২৫ বছর বয়সি সবুজ খন্দকার মাদারীপুরের শিবচরের লোকমান খন্দকারের ছেলে। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ফতুল্লার হোসাইনী নগর এলাকায় লক্ষ্মী নিবাস নামে ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।
বিস্ফোরণে বিথী আক্তারের শরীরে ৩৫ শতাংশ ও তার স্বামী মো. রানার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তরিকুল৷
দুপুরে সবুজের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে জানান তার মামা খলিল শিকদার৷
তিনি বলেন, হোসাইনী নগর এলাকায় সবুজের একটি হোসিয়ারি কারখানা ছিল। ওই কারখানায় কাজ করতেন রানা ও বিথী। তিনজন একই ফ্ল্যাটে থাকতেন। বিস্ফোরণে তারা তিনজনই দগ্ধ হন।
গত ১২ অগাস্ট রাত ১২টার দিকে ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয় জন আহত হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ হয়েছেন চার জন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ বলেন, ঘরের ভেতর জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
মাহমুদুর রহমান আসলামের মালিকানাধীন ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটে বিস্ফোরণের পর দুই পাশের দেয়াল ধসে পড়েছে। ফ্ল্যাটের ভেতরে গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন ছিল।
লাইনের কোনো লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফখরউদ্দিন আরও বলেন, বিস্ফোরণে ধসে পড়া দেয়ালটি ভবনের পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে; তবে ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণে ওই ভবনের দেয়ালে ধস-ফাটল, আশেপাশের ফ্ল্যাটের দরজা ও আসবাবপত্র ছিটকে গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
