২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: নজরুল

শনিবার কুমিল্লা নগরীতে বিএনপির গণমিছিলের প্রাক্কালে সমাবেশে এ কথা বলেন তিনি।

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: নজরুল

শনিবার কুমিল্লায় বিএনপি গণমিছিল করে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 07:26 PM

Updated : 24 Dec 2022, 07:26 PM

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, “বাংলাদেশে যে অবৈধ কর্তৃত্ববাদী সরকার রয়েছে, তার পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।“ 

“বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায়। কাউকে বাদ দিয়ে রাজনীতি করা বিএনপির আদর্শ নয়। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। মামলা-হামলা করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।” 

শনিবার বিকাল ৪টায় কুমিল্লা নগরীতে বিএনপির গণমিছিলের প্রাক্কালে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং কুমিল্লা মহানগর বিএনপি। 

বাংলাদেশের মানুষকে বিএনপি একটি পরিচয় দিয়েছে উল্লেখ করে নজরুল বলেন, জিয়াউর রহমান দেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছেন। তিনি গার্মেন্টসে এক শিফটের জায়গায় তিন শিফট চালু করেছিলেন। প্রবাসীদের কর্মের দ্বার উন্মুক্ত করেছেন। আজ যারা উন্নয়নের বড়াই করেন, তাদের উচিত জিয়াকে সালাম দেওয়া।” 

“অথচ আপনারা জিয়ার খেতাব কেড়ে নিতে চান। তিনি যা অর্জন করেছেন, তা তো তিনি যোগ্যতা দিয়ে অর্জন করেছেন। আজ তারা (আওয়ামী লীগ) বলেন, জিয়া ঘটনাক্রমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে মানুষ দেশের মানুষকে উদ্বুদ্ধ করে দেশের মানুষের উন্নয়ন ঘটিয়েছেন, তাকে আপনারা অবহেলা করেন! আপনাদের কপালে দুঃখ আছে।” 

বিএনপি নেতা আরও বলেন, “সিইসি বলেন, আমরা ইভিএমে ভোট করতে চাই, যাতে রাতে ভোট না হয়। এর মানে, রাতে ভোট হয়েছে। নির্বাচনের নামে প্রহসন চলবে না। এই আন্দোলনের বিজয়, জনগণের বিজয়। আমরা জিতবই।“ 

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।