২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপে এসে ১১ ড্রাম তেল নিয়ে গেল চোরের দল

চুরি যাওয়া তেলের মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 06:57 PM

Updated : 30 Jul 2022, 09:00 PM

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর বাজারে ১১ ড্রাম তেল চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোররাতে হুলারহাট বন্দরের চারজন ব্যবসায়ীর ভোজ্য তেল ও জ্বালানি তেল ভর্তি ১১টি ড্রাম চুরি হয়েছে বলে জানান পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার।

এ ঘটনায় ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান।

কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার জানান, রাত আনুমানিক ৪টার দিকে ব্যবসায়ী কার্তিক চন্দ্র মণ্ডল, অনিল চন্দ্র দাস, কৃষ্ণ কান্তি মৃধা, রাসেল সিকদারের দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ্বালানি তেল ভর্তি ১১টি ড্রাম তুলে নিয়ে চলে যায় চোরের দল।

ব্যবসায়ীরা জানতে পারেন, তেল বোঝাই একটি পিকআপ বলেশ্বর ব্রিজ পার হয়ে বাগেরহাটের দিকে চলে গেছে।

ওসি মাসুদুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।