যশোরে লাঠির আঘাতে মেয়ের মৃত্যু, মা আটক
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মুন্নী বাবার বাড়িতে থাকাতেন বলে জানায় পুলিশ।
যশোরের অভয়নগর উপজেলায় মায়ের লাঠির আঘাতে এক তরুণী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোল্যাপাড়া এলাকার এ ঘটনা ঘটে বলে জানান অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম।
নিহত মুন্নী খাতুন (১৯) ওই গ্রামের জসিম উদ্দিন মোল্যার মেয়ে। আটকের নাম মরিয়ম বেগম (৫০)।
স্থানীয়দের বরাতে ওসি আকিকুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকাতেন মুন্নী। সকালে মা মরিয়মের সঙ্গে মুন্নীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মরিয়ম বেগম তার হাতে থাকা খড় পরিষ্কার করা বাঁশের লাঠি দিয়ে মুন্নীর মারতে গেলে তার নাক ও কপালের মাঝামাঝি আঘাত লাগে।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুন্নী মারা যান বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়; এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি আকিকুল ইসলাম।
