১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলন: লক্ষ্মীপুরে নিহত-আহত পরিবারকে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা

“ ৪ অগাস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষনকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 08:21 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। শহীদ পরিবারকে ১০ হাজার ও আহতদের ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। 

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, “৪ অগাস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষনকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে; যারা অবৈধ সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।” 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।”