১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে মহাসড়কের পাশে রাখা লাগেজে ছিল ৩২টি ‘পেট্রোল বোমা’

ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলে জানান ওসি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে ফেলে রাখা লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন। 

ওসি আশরাফ হোসেন বলেন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ। 

পরে দুর্বৃত্তরা টের পেয়ে সড়কের পাশে লাগেজটি রেখে পালিয়ে যায়। পরে লাগেজের ভেতর থেকে ৩২টি বোতল পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলেও জানান ওসি। 

ওসি আশরাফ হোসেন আরও বলেন, বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল বিস্ফোরক জাতীয় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।