২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় কোটি টাকার রাস্তায় নিম্নমানের সামগ্রী, এলাকাবাসীর বাধা

নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবিও ওঠে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 07:24 PM

Updated : 07 Jul 2023, 07:24 PM

রাজবাড়ীর পাংশায় কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেয় বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান।

শুক্রবার সকালে উপজেলার কলিমহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধানুরীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলজিইডির পাংশা অফিস থেকে জানা যায়, ‍কলিমহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধানুরীয়া গ্রামে ৯৭ লাখ ৬৮৮ টাকা ব্যয়ে ১১শ মিটার রাস্তার কাজ শুরু হয় দুই মাস আগে। কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাঁধন ট্রেডার্স। এরই মধ্যে পঞ্চাশ শতাংশ কাজ শেষও হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগে এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে দেয়। সেইসঙ্গে তারা প্রকৌশলী মো. জাকির হাসানকে ফোনে ডেকে আনেন। পরে প্রকৌশলীর নির্দেশে নিম্নমানের কিছু খোয়া সরিয়ে ফেলা হয়।

এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের ইট, খোয়া দিয়ে কাজ করে আসছে।  

স্থানীয় বাদশা শেখ বলেন, “যে ইট দিয়ে কাজ হচ্ছে এটাকে ইট বলে না, এটা হচ্ছে পোড়ামাটি। এই ইটের কোনো নম্বর নেই। এই কাজ শেষ করার পর কয়েক মাস পরেই রাস্তার আর রাস্তা থাকবে না।”

নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার দায়ে ঠিকাদারের লাইসেন্স বাতিল করার দাবি জানান তিনি।

কাজের শুরু থেকেই অনিয়ম চলছে দাবি করে স্থানীয় আতাহার মণ্ডল বলেন, “সরকারের টাকায় রাস্তা হচ্ছে; সেখানে ঠিকাদার ভালো মানের ইট, খোয়া না দিয়ে পোড়ামাটি দিবে সেটা মেনে নেওয়া যায় না। কাজের শুরু থেকেই এমন অনিয়ম চলে আসলেও কেউ কোনো ব‍্যবস্থা নেয় নাই। এমনকি ইঞ্জিনিয়ারও না।”

“রাস্তার কাজে কারও নজরদারি নেই বলেই ঠিকাদার দুই নম্বরি করছে”, বলেন কুতুবউদ্দিন মোল্লা নামের একজন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইদ্রিস মণ্ডল বলেন, “ভুলবশত নিম্নমানের কিছু ইটের খোয়া ওখানে নেওয়া হয়েছিল। পরে আমি জানতে পেরে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।”

কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ নম্বর ওয়ার্ডের ধানুরীয়া গ্রামে যে রাস্তার কাজ হচ্ছে, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা আমাকে বলেছে, নিম্নমানের ইট দিয়ে রাস্তা করা হচ্ছে। এর বেশি আমি জানি না।”

উপজেলা প্রকৌশলী জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরু থেকে কাজের মান ভালোই ছিল। আজ চার থেকে পাঁচ ট্রাক নিম্নমানের খোয়া ঠিকাদার এখানে ফেলেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে খোয়াগুলো সরিয়ে নেওয়ার জন‍্য ঠিকাদারকে বলি।”