হবিগঞ্জে বাস চাপায় স্কুলছাত্রের মৃত্যু
এ ঘটনায় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে শত শত যানবাহন আটকা পড়ে।
হবিগঞ্জের বাহুবলে বাস চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোণা এলাকায় এ ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মশিউর রহমান জানান।
নিহত সিজান মিয়া (১১) ওই এলাকার কবির মিয়ার ছেলে ও স্থানীয় মীরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। ফলে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। দেড় ঘন্টা পর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল সিজান মিয়া। সে মহাসড়কের তিতারকোণা মোড়ে এলে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মশিউর রহমান জানান, শিশুটির লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়েছেন।
