১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিদেশি এয়ারলাইন্স আগ্রহ দেখালে রাজশাহীতে আন্তর্জাতিক বিমানবন্দর: ফারুক খান

“এখানে যাতে ‘ওয়াইড বডি’ উড়োজাহাজ ওঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে”, বলেন বিমান মন্ত্রী।

বিদেশি এয়ারলাইন্স আগ্রহ দেখালে রাজশাহীতে আন্তর্জাতিক বিমানবন্দর: ফারুক খান
রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত 'বাংলাদেশ ফেস্টিভ্যালের' উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 11:49 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ দেখালে রাজশাহীর শাহ মগদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

শুক্রবার রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত 'বাংলাদেশ ফেস্টিভ্যালের' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীতে ভবিষ্যতে একটি পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার কথাও জানিয়েছেন মন্ত্রী।

ফারুক খান বলেন, “রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরকে আরও উন্নত করার কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে, এখানে যাতে ‘ওয়াইড বডি’ উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। 

“ভবিষ্যতে এ বিমানবন্দর হতে যাত্রী এবং কার্গোর সংখ্যা বৃদ্ধি পেলে এবং বিদেশি এয়ারলাইন্স কোম্পানি এখানে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করলেন একে আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য কাজ করা হবে।"

রাজশাহী বিভাগের সার্বিক পর্যটন উন্নয়নে কাজ চলছে জানিয়ে মন্ত্রী রাজশাহীতে পর্যটন করপোরেশনের মোটেলটিকে বিদেশি বিনিয়োগের মাধ্যমে পাঁচ তারকা মানের হোটেলে পরিণত করার কথাও বলেন।

রাজশাহীতে 'বাংলাদেশ ফেস্টিভ্যালে'র স্টল পরিদর্শন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

রাজশাহীতে 'বাংলাদেশ ফেস্টিভ্যালে'র স্টল পরিদর্শন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

সরকার আঞ্চলিক কানেক্টিভিটির ওপর জোর দিচ্ছে জানিয়ে ফারুক খান বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, ভুটানসহ আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধির কাজ চলমান রয়েছে। কানেক্টিভিটি মানেই উন্নয়ন, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ। আমার বিশ্বাস রাজশাহী অঞ্চলের মানুষ এই কানেক্টিভিটির সুযোগ গ্রহণ করে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন করবেন।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন মাসুদুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, রাজশাহীর বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী বিভাগের উপ- মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং রাজশাহীর ডিসি শামীম আহমেদ বক্তব্য রাখেন।