১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই: ইলিয়াস কাঞ্চন

'ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার' এই স্লোগানকে সামনে রেখে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 12:39 AM

Updated : 26 Aug 2026, 11:48 AM

নিরাপদে বাড়িতে ফিরতে সড়কে মানুষের জীবনের নিশ্চয়তার দাবি জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

সড়ক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে সড়কে চলাচলের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ঝুঁকি কমাতে হলে জন সচেতনতার কোনো বিকল্প নেই।”

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ এসব কথা বলেন তিনি। 

'ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার' এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মো. আবুল কালাম বাবলা। 

নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “আমরা যখন সড়কে উঠব তখন আমাদের লাইসেন্সসহ গাড়ি ঠিক আছে কিনা তা চেক করে উঠব। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে লিফলেট বিতরণ করছে, লিফলেটে যে নিয়ম-কানুনের কথা বলা হয়েছে তা মেনে চলার চেষ্টা করব, তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারব।”

সুধী সমাবেশে অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু।