২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-১০: গফরগাঁওয়ে ৫ স্বতন্ত্র প্রার্থী অবৈধ

তথ্যে গরমিল, ঋণখেলাপী এবং প্রয়োজনীয় বিধিমালা পূরণ না করায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ এবং পাঁচ স্বতন্ত্র প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হয়। এদিন চারটি সংসদীয় আসনে ১২ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।

তথ্যে গরমিল, ঋণখেলাপী এবং প্রয়োজনীয় বিধিমালা পূরণ না করায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ-১০ আসনে বাতিল হওয়া পাঁচ স্বতন্ত্র প্রার্থী হলেন- মতিউর রহমান, মুশফিকুর রহমান, এ বি সিদ্দিক, আল ফাত্তাহ এবং আলমগীর মাহমুদ আলম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল এবং হলফনামায় ভুল তথ্য প্রদানের কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়। 

এর মধ্যে মুশফিকুর রহমানের অঙ্গীকারনামায় স্বাক্ষর ছিল না এবং এ বি সিদ্দিক ঋণখেলাপী হিসেবে চিহ্নিত হয়েছেন। 

এই আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন সোহেল, আক্তারুজ্জামান বাচ্চু (বিএনপি), শামসুল আলম (গণসংহতি আন্দোলন), আল আমীন সুহান (জাতীয় পার্টি), মাহবুব মুর্শেদ (এলডিপি) এবং সাইফুস সালেহীন (সিপিবি)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১০ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

ভোটার তালিকায় অসংগতির কারণে হাসিনা খান চৌধুরী, মামুন বিন আব্দুল মান্নান এবং পিন্টু চন্দ্র বিশ্বশর্মার প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া ঋণখেলাপীর দায়ে এ আর খান ও শামছুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়। 

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- ইয়াসের খান চৌধুরী (বিএনপি), আনোয়ারুল ইসলাম চাঁন (বিডিপি), লুৎফুর বারী হামীম (গণফোরাম), সাইদুর রহমান (ইসলামী আন্দোলন) এবং হাসমত মাহমুদ তারিক (জাতীয় পার্টি)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

অন্যদিকে, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহের এই চারটি আসন বাদেও জেলার অন্যান্য আসনগুলোতে শুক্র ও শনিবার আরও ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। 

রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।