ঘুমন্ত স্ত্রী-সন্তানের শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৬ দিন পর স্ত্রীর মৃত্যু
গোপালগঞ্জে দগ্ধ ১১ বছরের অন্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঘুমন্ত স্ত্রী ও সন্তানের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ছয় দিন পর দগ্ধ হেলেনা আক্তারের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম।
মঙ্গলবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে এ ঘটনায় দগ্ধ হেলেনার ১১ বছরের ছেলে অন্তর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে।
নিহত ৩৬ বছর বয়সি হেলেনা মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মিজান শেখের ছেলে ওমসান শেখের স্ত্রী। ঘটনার পর থেকে ওসমান পলাতক আছেন।
হেলেনার ভাই ইমরান হোসেন বলেন, “বিয়ের পর থেকে ওসমান আমার বোনকে বিভিন্ন সময় মারধর করে আসছিল। ওসমান মাদকাসক্ত হওয়ায় হেলেনা তার সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে থাকত।
“মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে ওমসান প্রথমে জানালা দিয়ে মা-ছেলের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যান।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। দুজনের শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায় চিকিৎসক।
ওসি মোহাম্মদ আশরাফুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি ওসমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
