২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ঘুমন্ত স্ত্রী-ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন

হেলেনার ভাই ইমরান হোসেন বলেন, “ওসমান মাদকাসক্ত হওয়ায় আমার বোন আমাদের বাড়ি গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে থাকত।

গোপালগঞ্জে ঘুমন্ত স্ত্রী-ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন
গোপালগঞ্জের মুকসুদপুরে পুড়ে যাওয়া ঘরের সামনে স্থানীয়দের ভিড়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 07:46 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

বুধবার রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল।

এর আগে গত মঙ্গলবার রাত ১টার দিকে গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে তাদের গায়ে আগুন দেওয়া হয়। 

দগ্ধ হেলেনা আক্তারের (৩৬) সঙ্গে ১৪ বছর আগে মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মিজান শেখের ছেলে ওসমান শেখের (৪২) বিয়ে হয়। আগুনে দগ্ধ হয়েছে তাদের ছেলে অন্তর (১১)।

হেলেনার ভাই ইমরান হোসেন বলেন, “বিয়ের পর থেকে ওসমান আমার বোনকে বিভিন্ন সময় মারধর করছিল। সে মাদকাসক্ত হওয়ায় আমার বোন আমাদের বাড়ি গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে থাকত। 

“মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে সবাই এগিয়ে যান। ”

পরে স্থানীয়রাসহ তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর উপজেলার রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠান ।

ইমরান বলেন, “হেলেনার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। ছেলের হাত ও পা-সহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে । দুজনই শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।”

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।