ভাঙা-ঢাকা রেলের কাজের সঙ্গে ‘এগিয়ে’ চলছে দক্ষিণের মানুষের স্বপ্ন
দেশি-বিদেশি প্রকৌশলীরা সার্বক্ষণিক এই কাজ তদারকি করে চলছেন।
স্বপ্নের পদ্মা সেতুতে রেল চলাচলের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভাঙা-ঢাকা রেল সংযোগের কাজ। একইসঙ্গে আর্থ-সামাজিক উন্নয়নের স্বপ্ন বুনে অপেক্ষায় দিন গুণছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
স্থানীয়রা বলছেন, তাদের আশা রেল সংযোগ হয়ে গেলে এ অঞ্চলে গড়ে উঠবে মিল-কারখানা। এতে বেকারদের কর্মস্থানের সুযোগ তৈরি হবে; বদলে যাবে তাদের ভাগ্যের চাকা।
তাদের স্বপ্নের পালে হাওয়া দিয়ে ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মাসেতু লিংক রেলওয়ের (ফরিদপুরের ভাঙ্গা প্রান্তের রেলওয়ে) জংশন ও রেললাইনের কাজ। দেশি-বিদেশি প্রকৌশলীরা সার্বক্ষণিক এই কাজ তদারকি করে চলছেন। কেউ স্টেশন নির্মাণ আবার কেউ রেল স্লিপার স্থাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মিন্টু হোসেন বলেন, “ঢাকা থেকে যশোর পর্যন্ত ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ১৭২ কিলোমিটারের ২০টি জংশন স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ফরিদপুর অংশে ভাঙা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে।”
“এ পথে স্লিপার স্থাপনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। এ লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।”
সরেজমিনে দেখা যায়, দেশে প্রথমবারের মতো পাথরবিহীন হওয়ায় নিচে রড সেট করে বসানো হচ্ছে বিশেষভাবে তৈরি কংক্রিট স্লিপার। আর দুই পাশে থাকছে স্টিলের রেলপাত। রড, স্লিপার ও পাত স্থাপনের পর দেওয়া হচ্ছে ঢালাই।
এদিকে রেল সংযোগকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের মানুষের। আর এই জন্য দিন দিন ‘বাড়তে’ শুরু করছে কৃষি জমির দর।
ভাঙা কলেজে শিক্ষক মিজানুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুর পর বৃহত্তর ফরিদপুর অঞ্চল উন্নয়নে অবহেলিত ছিল। বর্তমান সরকার পদ্মা সেতু ও রেল সংযোগ স্থাপন করে সেই ঘাটতি দূর করে দিয়েছে।”
ভাঙা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, “রেল যোগাযোগের কারণে মংলা ও পায়রা বন্দরের পণ্য ফরিদপুরের ভাঙা হয়ে রাজধানীতে সহজেই যেতে পারবে। এতে দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে।”
ফরিদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি নজরুল ইসলাম বলেন, “পদ্মা সেতুতে রেল সড়ক চালুর মধ্যে দিয়ে ব্যবসা ব্যাণিজ্যের প্রসার ঘটবে। ফরিদপুর অঞ্চলের অর্থনৈতিক চেঞ্জ আসবে, এটার মধ্যে দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ সামাজিক বিপ্লব ঘটবে।”
