‘চালকের সঙ্গে যোগসাজশে রেলের’ দেড় হাজার লিটার ডিজেল চুরি
ফেনীর এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী সদর উপজেলায় ‘রেলওয়ের ট্রেন থেকে চুরি করা’ দেড় হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ; এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচ থেকে এই তেল উদ্ধার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
আটকরা হলেন- সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণখানের মো. আব্দুল্লাহ (৫৫), উত্তর শর্শদী গ্রামের মো. আবু তাহের (৩৪) এবং সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের আব্দুর রহিম (২২)।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দক্ষিণখানের বাড়ি নামক এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান থেকে নয়টি ড্রামভর্তি এসব ডিজেল তেল উদ্ধার করে।
এ সময় তিনজনকে আটক করা হলেও সঙ্গে থাকা দক্ষিণখানের বাড়ির মো. হাসান আলী (৫২), মো. জিয়া উদ্দিন (৪৫) ও আব্দুল কাদের মিয়া (৪৫) পালিয়ে যান।
পুলিশ সুপার বলেন, আসামিরা রেলওয়ের মালবাহী ট্রেনের চালকের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন সময়ে দেড় হাজার লিটার ডিজেল তেল সংগ্রহ করে। পরে তা বিভিন্ন জায়গায় অধিক মুনাফায় বিক্রি করে আসছে।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা বলেন, মালবাহী ট্রেনের চালক শনাক্ত এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক শাহ্ মো. ফয়সাল আহম্মেদ জানান, তেল উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
