২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির বোমা হামলার ১৭ বছর পর আসামি গ্রেপ্তার

সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

জেএমবির বোমা হামলার ১৭ বছর পর আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার আল মাসুম

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 03:12 PM

Updated : 17 Aug 2022, 03:40 PM

সারা দেশব্যাপী জেএমবির বোমা হামলার দীর্ঘ ১৭ বছর পর মামলার অভিযোগ পত্রভুক্ত আসামি ময়মনসিংহের মো. আল মাসুমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের রাতে গাজীপুর জেলার কালীয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করেন তারা।

মাসুমের বয়স ৪২ বছর। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডা. আব্দুস সালামের ছেলে।

সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন। ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে ৪’শ স্পটে প্রায় ৫'শ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এই হামলায় নিহত হন ২ জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবির সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

সিরিজ বোমা হামলা মামলার আসামি জঙ্গি সদস্য মাসুমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা বেলায়েত জানান।