ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননা’: নড়াইলের আকাশ সাহার স্বীকারোক্তি
পুলিশ জানিয়েছে, ২০ জুলাই আকাশ সাহা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নড়াইলে ফেইসবুকে ধর্মীয় অবমাননার মামলায় গ্রেপ্তার আকাশ সাহা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় মঙ্গলবার রাতে এ কথা জানান।
তিনি বলেন, ফেইসবুকে ধর্মীয় অবমানরায় মামলায় গ্রেপ্তার আকাশ সাহা (২০) লোহাগড়া আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোরশেদুল আলমের আদালতে ২০ জুলাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ১৫ জুলাই রাতে আকাশ সাহাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই রাতেই খুলনার ডুমুরিয়া থেকে আকাশ সাহাকে গ্রেপ্তার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৭ জুলাই বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোরশেদুল আলমের আদালতে হাজির করা হয়। এ সময় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ ইকবল। আদালত শুনানি শেষে আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
“রিমান্ড শেষে ২০ জুলাই একই আদালতে আকাশ সাহা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”
ফেইসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে লোহাগড়ার দিঘলিয়ার সাহাপাড়া বাড়িঘর, দোকান ও মন্দির ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেপ্তারদের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
