২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্ত প্রতিবেদনে বলল হত্যা, স্বামী গ্রেপ্তার

মৃত্যুর পর স্বামী বলেছিলেন আত্মহত্যা; একমাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার কথা বলা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 09:40 PM

Updated : 21 Aug 2022, 09:40 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারীর মৃত্যুর এক মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে ‘শ্বাসরোধে হত্যা’র কথা বলা হয়েছে। এরপর তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ওই নারীর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে বলে আড়াইহাজার থানার পরিদর্শক আজিজুল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ জুলাই সকালে আড়াইহাজার উপজেলার বাজবী মধ্যপাড়া গ্রামের নিজ বাসা ৪৫ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজিজুল বলেন, ওই সময় তার স্বামী আব্দুর রব মিয়া পুলিশকে বলেছিলেন – তার স্ত্রী পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

“এর একমাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে ওই নারী শ্বাসরোধে খুন হন বলে উল্লেখ করেন চিকিৎসক।”

ওসি আজিজুল আরও জানান, শনিবার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রূপগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নিহত নারীর স্বামী আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়।