মেসিভক্তের বিয়ের ‘আর্জেন্টিনা গেট’, নির্মাণকারী ব্রাজিল সমর্থক
কুমিল্লার সুশান্ত নিজের বিয়ের গেট সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।
ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে নিয়ে বাংলার ভক্তদের উচ্ছ্বাস যেন কোনো বাধা মানে না। বলা চলে বিশ্বকাপ জ্বরে গোটা বিশ্বের মতো কাঁপছে বাংলাদেশও। ভক্তরা বিভিন্ন এলাকায় বাড়ি, গাড়ি, সড়ক ও সেতু সাজিয়েছে পছন্দের দলের পতাকার রঙে।
এবার সেই উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছেন কুমিল্লার বরুড়া উপজেলার তরুণ সুশান্ত কুমার দে। লিওনেল মেসিদের ভক্ত এই তরুণ আনন্দ ছড়াতে নিজের বিয়ের অনুষ্ঠানের গেট সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।
এদিকে, মজার ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার পতাকার রঙে যেই ডেকোরেটর মালিক গেটটি সাজিয়েছেন তিনি আবার ব্রাজিলের সমর্থক।
এরই মধ্যে গেটটি দেখতে বিয়েবাড়ির সামনে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার লোকজন। এতে সুশান্তের বিয়ের আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা।
সুশান্ত কুমার দে বরুড়া উপজেলায় কাসেড্ডা গ্রামের বাসিন্দা। বুধবার (৭ ডিসেম্বর) তার গায়ে হলুদ অনুষ্ঠান; বৃহস্পতিবার বিয়ে। বিয়ের তিন দিন আগে এমন গেট নির্মাণ করে এলাকায় আলোচনার সৃষ্টি করেছেন তিনি।
সুশান্ত জানান, তিনি ঢাকায় ব্যবসা করেন। ছোটবেলা থেকে মেসির ভক্ত। এলাকার বড় ভাইদের সঙ্গে বসে মেসির খেলা দেখেই তার কঠিন ভক্ত হয়ে যান তিনি। তাই নিজের বিয়ের গেট আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর পরিকল্পনা করেন।
তিনি বলেন, “আমি একা নই, আমার বড় ভাই প্রশান্ত কুমার দেও আর্জেন্টিনার একজন পাগলা সাপোর্টার। তাই পরিবারের সকলের সঙ্গে আলোচনা করেই এমন গেট নির্মাণ করেছি।”
সুশান্তের বড় ভাই প্রশান্ত কুমার বলেন, “আমাদের বাবা স্বপন কুমার দেও আর্জেন্টিনার ভক্ত। বলা চলে পুরো পরিবারই আর্জেন্টিনার ভক্ত।”
প্রশান্ত ও সুশান্ত দুই ভাই মজার ছলে বলেন, বিয়েতে এই গেট নির্মাণ করেছেন যেই ডেকোরেট প্রতিষ্ঠান সেটির মালিক হলেন জুবায়ের আহমেদ; তিনি তাদের পাশের গ্রামের বাসিন্দা। মজার ব্যাপার হলো তিনি ব্রাজিলের অন্ধ সমর্থক।
প্রশান্ত বলেন, “প্রথমে তিনি আর্জেন্টিনার পতাকার আদলে গেট নির্মাণ করতে রাজি ছিলেন না। পরে অবশ্য ব্যবসায়িক সুনামের কথা ভেবে তিনি সুন্দরভাবেই গেটটি বানিয়েছেন। এতে আমারও খুশি তার প্রতি। তিনিও গেট নির্মাণ করে এখন আনন্দিত।”
