২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলাহাটি এক্সপ্রেসে স্বপ্ন পূরণ নীলফামারীবাসীর

রোববার বেলা ১১টা ২ মিনিটে গণভবন থেকে ভার্চ্যুয়ালি ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামের ওই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় চক্রবর্তী কাজল

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2023, 08:54 PM

Updated : 04 Jun 2023, 08:54 PM

দাবি আদায়ের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো নীলফামারী জেলাবাসীর। শুরু হলো চিলাহাটি-ঢাকা রেলপথে দিবাকালীন আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন চলাচল।

রোববার বেলা ১১টা ২ মিনিটে গণভবন থেকে ভার্চ্যুয়ালি ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামের ওই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বাঁশি আর সবুজ পতাকার সংকেতে ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। এরই সঙ্গে নীলফামারী জেলাবাসীর দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটল।

দিবাকালীন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের ভিআইপি গেস্ট হাউজ মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।

সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মো. আলীম মাহমুদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাঁচ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, “এই অঞ্চলের, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি নতুন ট্রেন, যেটি দিনের বেলা এই চিলাহাটি থেকে ঢাকা, ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমরা সমবেত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই ট্রেন উদ্বোধন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটালেন এবং তাদের লালিত স্বপ্ন পূরণ করলেন।”

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীত কুমার তালুকদার জানান, উদ্বোধনী দিনে ট্রেনটি চিলাহাটি থেকে জেলার ডোমার স্টেশন পর্যন্ত চলাচল করে। এরপর আগামী ৭ জুন থেকে চিলাহাটি-ঢাকা নিয়মিত চলাচল করবে শনিবার বাদে সপ্তাহের ছয় দিন। সকাল ৬টায় চিলাহাটি ছেড়ে ঢাকায় পৌঁছবে বিকাল ৩টা ১০ মিনিটে। ঢাকা থেকে বিকাল ৫টায় ছেড়ে চিলাহাটি পৌঁছবে রাত ৩টায়।চীন থেকে নতুন আমদানী করা ওই ট্রেনের আসন সংখ্যা ৭৯২টি।

তিনি আরও জানান, চিলাহাটির পর ট্রেনটির বিরতি রয়েছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনে।

ট্রেন পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

দীর্ঘ দিনের দাবির দিবাকালীন আন্তঃনগর ট্রেন পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলাবাসী।

এর আগে প্রতীক্ষিত ট্রেন আর প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান এক নজর দেখতে সকাল ৯টা থেকে মানুষের ঢল নামতে শুরু করে অনুষ্ঠানস্থলে। প্রচণ্ড সূর্যতাপ উপেক্ষা করে সকাল ১০টার আগে কানায় কানায় পূর্ণ হয় অনুষ্ঠান স্থলসহ গোটা স্টেশন এলাকা। এলাকাবাসী ঘুরে ঘুরে দেখেন, লাল-সবুজের উজ্জ্বল রঙে সাজানো ঝকঝকে ওই ট্রেন।

এ সময় জেলার কেতকিবাড়ি ইউনিয়নের চান্দখানা গ্রামের ব্যবসায়ী জহির উদ্দিন (৫০) বলেন, “হামার মেল্লা দিনের আশা ছিল, নয়া এখান ট্রেনের। প্রধানমন্ত্রী হামার সে আশা পূরণ করিল। এলা এলাকার মাইনষি ঢাকা যাওয়া আইসা করিবে খুব সহজে।”

একই এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম (৪৫) বলেন, “এলা ট্রেনোত চড়ি হামেরা তাড়াতাড়ি ঢাকা যাওয়া আইসা করির পারিমো। প্রধানমন্ত্রী ট্রেন দিয়া হামার উপকার করিছে। হামার ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে।”

এ সময় তিনি এ জেলা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন চলাচলের দাবি জানান।

ভোগডাবুড়ি ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম (৬০) বলেন, “নয়া ট্রেন পায়া হামার মেল্লা উপকার হইল। এলা তাড়াতাড়ি ঢাকা যাওয়া আইসা করিবার সুযোগ হইল। এই ট্রেনের জন্য স্টেশনোত দূর দূরান্তের লোক আসিবে। ব্যবসা বাণিজ্য হোবে, এলাকার মানষির উন্নতি হোবে।”

একই ইউনিয়নের নিজ ভোগডাবুড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম (৬৫) বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার এলাকার উন্নয়ন করিল। আগোত চিলাহাটি থাকি ঢাকা যাওয়ার একখান ট্রেনও ছিল না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়া একখান দিছে, পরের বার আরেকখান দিল।  

এদিকে, ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ ও পর্যাপ্ত আসন বরাদ্দের দাবিতে আন্দোলন অব্যাহত আছে।

নীলফামারীবাসীর ব্যানারে গত ৩১ মে বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন, ১ জুন নীলফামারী স্টেশনে রেলপথ অবরোধ ও ৩ জুন সড়কপথ অবরোধ করেন আন্দোলনকারীরা।

সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আমিন স্বপনের নেতৃত্বে সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন কর্মসূচিতে।

তারা অভিযোগ করে বলেন, গত ২৯ মে বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে ওই ট্রেনের নাম উল্লেখ করা হয়েছিল ‘নীলফামারী এক্সপ্রেস’।

৩০ মে রেলপথ মন্ত্রণালয় ‘চিলাহাটি এক্সপ্রেস’ নাম উল্লেখ করে রেলওয়ে বিভিন্ন দপ্তরকে চিঠি দেয়। এমন নাম পরিবর্তনে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এ ছাড়া নানা শ্রেণি-পেশার মানুষ ‘নীলফামারী এক্সপ্রেস’ নাম বহাল এবং ৮০ ভাগ আসন বরাদ্দের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি, রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করে আসেছে গত ৩১ মে থেকে।

পরিবর্তনে একটি মহলের উস্কানির অভিযোগ তোলে আন্দোলকারীরা বলেন, প্রথমে ট্রেনটির নাম ‘চিলাহাটি এক্সপ্রেস’ ঘোষণা দিলে কোনো আপত্তি ছিল না। কিন্তু ‘নীলফামারী এক্সপ্রেস’ ঘোষণার পর ওই নাম পরিবর্তন মেনে নেবে না তারা।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, “আমরা ট্রেনটির তিনটি নাম প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করি। নাম তিনটি ছিল ‘নীলফামারী এক্সপ্রেস,’ ‘চিলাহাটি এক্সপ্রেস,’ ও ‘অরুনোদয় এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামকরণ করেন। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।”

এদিকে, নীলফামারীর চার স্টেশনে আসন বৃদ্ধির বিষয়ে পশ্চিমাঞ্চল রেওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানর নির্দেশে চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলো। ট্রেনে কোচ আরও বৃদ্ধি করে আপনাদের আসনের চাহিদা পরে পূরণ করা হবে। এ মুহূর্তে আপনাদের চাহিদা পূরণ করার সক্ষমতা আমাদের নেই। যেটা আছে সেটা দিয়েই আমরা শুরু করেছি, ভবিষ্যতের প্রতীক্ষায় থাকেন, নিশ্চয় কিছু একটা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের টার্গেট হলো ভবিষ্যতে প্রতিটি ট্রেনের সাথে ১৬টি করে কোচ দেওয়া। আমরা ট্রেন বাড়াবো না; কোচ বাড়াব, যাতে যাত্রীসংখ্যা বেশি বহন করা যায়, এটাই আমাদের পরিকল্পনা।”