টেকনাফে ‘সাড়ে ১১ কোটি টাকা’ মূল্যের আইস-ইয়াবা উদ্ধার
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদা সীমান্তে শুক্রবার এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের টেকনাফে ‘প্রায় সাড়ে ১১ কোটি টাকা’ মূল্যের ক্রিস্টাল মেথ-আইস ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সন্ধ্যা ৬টার দিকে টেকনাফে দায়িত্বরত বিজিবির লেদা বিওপির একটি দল নাফ নদীর সীমান্তে টহল দিচ্ছিল। এক পর্যায়ে নাফ নদী পার হয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে ছোট একটি বস্তা কাঁধে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
এতে লোকটি সঙ্গে থাকা ব্যাগটি তীরে ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যায় বলে তিনি জানান।
"পরে ঘটনাস্থলে তল্লাশি করে প্লাস্টিকের একটি ছোট বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৩০ হাজার ইয়াবা। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ৪৬ লাখ টাকা।"
উদ্ধার মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ।
অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
