২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, ১ জনের মৃত্যুদণ্ড

২০০৮ সালের ৪ জানুয়ারি বিকালে আসামির দোকান থেকে হাসিনা লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফেনীতে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, ১ জনের মৃত্যুদণ্ড

রায়ের পর আদালত প্রাঙ্গণে দুই আসামি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 05:23 PM

Updated : 27 Oct 2022, 11:11 AM

ফেনীর সোনাগাজীতে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ১৪ বছর পর এক আসামিকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদ আহম্মদ হাজারী। 

রায়ে আসামি সফিউল আজমকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং তার সহযোগী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সফিউল আজম সোনাগাজী উপজেলার চরগনেশ এলাকার হাফেজ মোস্তাফিজুর রহমানের ছেলে এবং রাশেদুল ইসলাম একই এলাকার আবদুল মুনাফের ছেলে। 

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

মামলার নথির বরাত দিয়ে পিপি ফরিদ আহম্মদ জানান, ২০০৮ সালের ৪ জানুয়ারি দুপুরে সোনাগাজী পৌর শহরের ফরিদ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কম্পিউটারের দোকানে যান স্বরাজপুর এলাকার বিবি হাসিনা লিপি। 

তিনি দীর্ঘসময় বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে সেদিন বিকালে ওই দোকান থেকে হাসিনা লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে নিহতের বাবা মকবুল আহম্মদ সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দোকান মালিক সফিউল আজম ও তার সহযোগী রাশেদুল ইসলামকে আসামি করা হয়। 

একই বছরের ৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই মোহাম্মদ আমজাদ হোসেন এজহারভুক্ত দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০০৯ সালের ৫ জুলাই তৎকালীন জেলা ও দায়রা জজ এ কে এম আরিফুর রহমান অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। দীর্ঘ বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এ মামলায় রায় দেয় আদালত। 

আদালতে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফয়েজুল হক মিল্কী।