বগুড়ায় বাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই শিক্ষার্থীর
রিদওয়ান বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
বগুড়ার সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কালিবালা এলাকার ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে সদরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাবু কুমার সাহা জানান।
নিহতরা হলেন রিদওয়ান (১৭) ও সাদিক শেখ (২১)। তারা ধরমপুর ওলিরবাজার এলাকার বাসিন্দা। রিদওয়ান বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
বাবু কুমার জানান, বিকালে দুই শিক্ষার্থী একটি মোটরসাইকেলে করে বগুড়ার মাটিডালী থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। এ সময় কালিবালা এলাকায় মাল বোঝাই একটি ট্রাকের সামনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে পড়ে রিদওয়ান ও সাদিক ঘটনাস্থলেই প্রাণ হারান।
“এদের কারও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।”
পরিদর্শক বাবু কুমার বলেন, “ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। দুটি মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
