পঞ্চগড়ে ইউপি কার্যালয় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারি চুরির অভিযোগে তাকে বন্দি করে রাখা হয় বলে চেয়ারম্যানের ভাষ্য।
পঞ্চগড় ইউনিয়ন পরিষদ কক্ষ থেকে চুরির অভিযোগে আটকে রাখা একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান।
নিহত মো. সুজন (৩০) সুজন পঞ্চগড় ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার কছিম উদ্দীনের ছেলে।
ওসি লতিফ প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, বুধবার রাতে একটি মসজিদে ব্যাটারি চুরির অভিযোগে সুজন ও জাহেদুল হক নামে দুইজনকে আটক করেন স্থানীয় লোকজনসহ পঞ্চগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খান। দুইজনকে ইউপি কার্যালয়ের পৃথক দুটি ঘরে আটকে রাখেন তারা। তাদের দেখভালের জন্য কার্যালয়ের চৌকিদার মকছেদুর রহমান বাবুল ও দফাদার জমিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তারা সকালে নাশতা দিতে গিয়ে সুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“সুজন এলাকায় মাদকাসক্ত ও ছিঁচকে চোর হিসেবে পরিচিত। একাধিকবার ছোটখাটো চুরি করে ধরা পড়েন সুজন। সুজনকে যে ঘরে রাখা হয় তার সামনে মাদক গ্রহণের একটি সিরিঞ্জ পাওয়া গেছে। তার স্ত্রীও স্বামীর নেশা-আসক্তির কথা স্বীকার করেছেন।
সুজনের কাছে তার নিজের গামছা ছিল জানিয়ে চেয়ারম্যান আল ইমরান খান বলেন, “নিজের গামছা দিয়ে সুজন আত্মহত্যার পথ বেছে নেন।”
পুলিশে না দিয়ে দুইজনকেই সালিশের পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ কারণে তাদের পুলিশে দেওয়া হয়নি বলে চেয়ারম্যানের দাবি।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি লতিফ।
