মানিকগঞ্জে ঘরে যুবকের ঝুলন্ত লাশ
ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
মানিকগঞ্জের হরিরামপুরে ঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, শুক্রবার ভোরের দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মিজানুর রহমান (৩০) ওই গ্রামের মো. হেল্লাল মল্লিকের ছেলে। সকালে তার লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবারের বরাতে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু) বলেন, “বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টা-৪টার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিজানুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।”
তবে মিজানুর কেনো আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।
