নাটোরে ট্রাকের ধাক্কায় বাইক-আরোহী ২ যুবক নিহত
ট্রাকের ধাক্কায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
নাটোরের বড়াইগ্রামে সামনে থেকে ট্রাকের ধাক্কায় বাইক-আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার এএসআই আনসার আলী জানান।
নিহতরা হলেন: গড়মাটি এলাকার ডাবলু মিয়ার ২২ বছর বয়সি ছেলে মনন এবং রাজাপুরের লালন মিয়ার ২১ বছর বয়সি ছেলে আবির হোসেন।
এএসআই আনসার বলেন, গড়মাটি থেকে রাজাপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সঙ্গে সামনে থেকে বাইকটিকে ধাক্কা দেয়। এতে বাইক-আরোহী দুই যুবক ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়েছেন জানিয়ে আনসার আলী বলেন, স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান এএসআই।
