বাবার সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গেল ২ শিশু
“বাবা কাছাকাছি থাকলেও ছেলেকে রক্ষা করতে পারেননি।“
বরিশাল মহানগরী ও মুলাদী উপজেলায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর কীর্তনখোলা এবং বিকেলে মুলাদীর নয়াভাঙ্গুলী নদীতে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ শিশুরা হলো- বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের বাসিন্দা বেল্লাল মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (১১) এবং মুলাদী উপজেলার তেরচর এলাকার বাসিন্দা আনিচুর রহমান খানের ছেলে আফি খান (১২)। আফি ঢাকা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মো. বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াসিনকে নিয়ে তার বাবা বেল্লাল দুপুর দেড়টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান। ইয়াসিন সাঁতরে নদীর মাঝে গিয়ে আর ফিরে আসেনি।
“প্রথমে বিষয়টি তার বাবা বুঝতে পারেননি। কিছু সময় পর যখন বুঝতে পারেন তখন নদীতে সন্ধান করা শুরু করেন। কিন্তু তাকে আর পায়নি।
বিল্লাল হোসেন বলেন, মাগরিব পর্যন্ত নদীতে তল্লাশি করা হয়েছে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুলাদী থানার ওসি তুষার কান্তি মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বিয়ে উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল আফি। বিয়ের অনুষ্ঠান শেষে মা-বাবার সঙ্গে নয়াভাঙ্গুলী নদীতে গোসল করতে যায়। তীর থেকে কিছুটা দূরে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে সে।
“বাবা কাছাকাছি থাকলেও ছেলেকে রক্ষা করতে পারেননি। আফির সন্ধানে স্থানীয়ভাবে এবং বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তল্লাশি করছে।”
