ভোট নিয়ে মিথ্যে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা: ইসি হাবিব
কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের চাকরি হারাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ভোট নিয়ে মিথ্যে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য ও মিথ্যা দুটি অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার সকালে যশোরের মনিরামপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে আহসান হাবিব এসব কথা বলেন।
এতে নির্বাচন কমিশনার বলেন, “আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। ফলে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।”
কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের চাকরি হারাতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ইসি আহসান হাবিব বলেন, “পথভ্রষ্ট, অতিউৎসাহী, সন্ত্রাসীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে চলে যাবেন, লাগলে পরে ভোট নেওয়া হবে।”
স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।
দুদিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ ভোটগ্রহণকারী কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।
