০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে মসজিদে অনুষ্ঠান নিয়ে ছাত্রশিবির-যুবদলের সংঘর্ষ, আহত ৩০

পুলিশ জানায়, ছাত্রশিবির মসজিদে ‘দারসুল কোরআন প্রতিযোগিতা’র আয়োজনের ঘোষণা দিলে প্রতিবাদ জানান যুবদলের নেতাকর্মীরা।

নোয়াখালীতে মসজিদে অনুষ্ঠান নিয়ে ছাত্রশিবির-যুবদলের সংঘর্ষ, আহত ৩০
নোয়াখালীতে ছাত্রশিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদে অনুষ্ঠান করা নিয়ে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার বিকালে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম।

সংঘর্ষের পর ছাত্রশিবির কর্মীরা মসজিদের ভেতরে এবং যুবদল কর্মীরা বাইরে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার কাশেম বাজার জামে মসজিদে আছরের নামাজের পর ছাত্রশিবিরের কর্মীরা কোরআন শিক্ষার আয়োজন করেন। মসজিদের এ ধরণের কর্মসূচি নিয়ে নেয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন আপত্তি তোলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

কর্মসূচিতে হামলার অভিযোগে রোববার দুপুরে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ছাত্রশিবির। আগের দিন হামলার প্রতিবাদে বিকালে ওই মসজিদে ‘দারসুল কোরআন প্রতিযোগিতার’ আয়োজনের ঘোষণা দেয় সংগঠনটি। এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের পর ছাত্রশিবিরের কর্মীরা মসজিদের ভেতরে আর বাইরে যুবদলের কর্মীরা বিক্ষোভ করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবদল কর্মীরা হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের ভাইয়েরা মসজিদে আহত অবস্থায় পড়ে আছেন। 

“আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। মসজিদে বারবার হামলা চালাচ্ছেন বিএনপি ও যুবদলের কর্মীরা।”

নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, “নামাজ শেষে মসজিদ থেকে ছাত্রশিবির আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফারুকের দুই ভাইসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। মসজিদের ভেতর থেকে বারবার হামলা চালানো হচ্ছে।”

নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, “শনিবারের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হলেও আজ ছাত্রশিবির কর্মসূচির কারণে নতুন করে সংঘর্ষে ঘটনা ঘটে।”

ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।