ঈদে ৮ দিন বন্ধ থাকবে হিলি বন্দর
এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক থাকবে।
কোরবানি ঈদ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার এ তথ্য জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল।
তিনি বলেন, এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি স্থল বন্দরের ব্যবসায়ী সংগঠন আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত আট দিন ছুটির বিষয়টি তারা পত্রের মাধ্যমে ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিরিয়ানিং ফরওয়ার্ড এজেন্ট অ্যাসোসিয়েশন এবং স্থলবন্দর সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন।
এদিকে হিলি স্থল বন্দরের বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতপি বলেন, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটি ছাড়া অন্যদিনগুলোতে বন্দরের পানামা পোর্ট অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ সময় আমদানিকারকরা চাইলে কাস্টমস প্রক্রিয়া শেষে বন্দরে থাকা পণ্য খালাস করে নিতে পারবেন বলে জানান তিনি।
