Published : 27 Jun 2026, 07:52 PM
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে আউটসোর্সিংয়ের ভিত্তিতে কাজ পাওয়া ৬৬ কর্মচারী চাকরি হারানোর আশঙ্কা করছেন।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন তারা এই আশঙ্কার কথা বলেন।
লিখিত বক্তব্যে রবিউল হাসান আকাশ অভিযোগ করেন, “কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর নোটিশের সুযোগ ছাড়াই চাকরি থেকে আমাদের অব্যাহতি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া প্রক্রিয়া চলছে। এতে ৬৬ জনের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি বলেন, “যাদের নতুন করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে তাদের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই। ২০২৫ সালের ২৩ নভেম্বর মন্ত্রণালয় আউটর্সোসিং নীতিমালার গেজেট প্রকাশ করে। সেখানে তফসিল ‘খ’ এ বলা আছে, অভিজ্ঞ কর্মী বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া যাবে না। আর যদি বাদ দিয়ে নতুন নিয়োগ দিতে হয় তাহলে শুনানি করে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি গঠন করা আছে সেই কমিটির মাধ্যমে বাদ দিতে হবে।”
সরকার যেন বিষয়টি তদন্ত করে ৬৬ জনকে চাকরিতে পুনর্বহাল করে সেই দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটর্সোসিং পদে নিয়োগ দেওয়া হচ্ছে। গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিংয়ের ভিত্তিতে এখানে কর্মরত আছেন। ৩০ জুন তাদের চাকরির মেয়াদ শেষ হবে।
তিনি বলেন, “নতুন অর্থবছরে সরকার এইচআরডিই এজেন্সি নামে একটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে আউটসোর্সিং ভিত্তিতে কর্মী দেওয়ার জন্য নিয়োগ দেয়। এই প্রতিষ্ঠান আগামী অর্থবছরের জন্য এই প্রক্রিয়া শুরু করেছে।”
নীতিমালা অনুযায়ী, সরকারের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে আশা করছেন এই কর্মকর্তা।