Published : 05 Jun 2023, 11:38 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহত ৩০ বছর বয়সি খোকন চন্দ্র সরকার উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে। তিনি মৌসুমী ফলের ব্যবসা করতেন।
ওসি রফিকুল জানান, খোকন উপজেলার মাইলোড়া এলাকার একটি জামের গাছ চুক্তিতে কিনে নেন। সকালে জাম পাড়তে গাছে ওঠেন তিনি। এক পর্যায়ে অসাবধানতা বসত মাটিতে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, সেখানে অবস্থার অবনতি হলে খোকনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলেন চিকিৎসক। সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে গাজীপুরে তিনি মারা যান।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি রফিকুল।