বরিশালে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
এ সময় তার স্ত্রী নিচে দাঁড়িয়ে আমড়া কুড়াচ্ছিলেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন।
মৃত তৈয়ব আলী হাওলাদার (৩৫) গারুড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
পরিবারের বরাতে ওসি বলেন, সকালে তৈয়ব গাছে উঠে আমড়া পাড়ছিলেন। তার স্ত্রী নিচে দাঁড়িয়ে আমড়া কুড়াচ্ছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তৈয়ব গাছ থেকে পড়ে আহত হন।
পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আদিল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
