গাজীপুরে পিকআপের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
“ডিউটি পোস্টে যাওয়ার জন্য ট্রাফিক অফিসের সামনে দাঁড়িয়ে চন্দ্রাগামী একটি পিকআপকে সংকেত দেন জামাল উদ্দিন।”
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাছবাহী পিক-আপের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাফিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান।
নিহত টিএসআই জামাল উদ্দিন (৫৬) টাঙ্গাইল জেলা শহরের জুনাব আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পল্লী বিদ্যুৎ এলাকার পুলিশের ট্রাফিক অফিসের আওতাধীন এলাকায় ডিউটি করতেন টিএসআই জামাল উদ্দিন। বৃহস্পতিবার তাঁর ডিউটি পোস্ট ছিল চন্দ্রা আশপাশের এলাকায়।
“সকাল ৭টার দিকে ডিউটি পোস্টে যাওয়ার জন্য ট্রাফিক অফিসের সামনে দাঁড়িয়ে চন্দ্রাগামী একটি পিকআপকে সংকেত দেন জামাল উদ্দিন। কিন্তু তাতে সাড়া না দিয়ে পিকআপটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।”
তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈরের সফিপুরে একটি হাসপাতালে ও পরে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুস সাকিব খান আরও জানান, এলাকাবাসীর সহায়তায় পালিয়ে যাওয়ার সময় পিকআপটিসহ চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
