সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ও তার স্ত্রী কারাগারে
পুলিশ জানায়, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে চয়নের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে দুইটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার শাহজাদপুর আমলী আদালতে তাদের হাজির করা হয়। পরে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম রব্বানী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান।
রোববার রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে সোমবার রাতে শাহজাদপুর থানায় আনা হয়।
ওসি আসলাম বলেন, দুইটি মামলার মধ্যে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জোসনা খানমকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণ ও নেতাকর্মীদের মারধর করা হয়। ওই ঘটনায় উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের বিএনপি কর্মী বাদশা মিয়া ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থানায় মামলা করেন। ওই মামলায় চয়ন ইসলাম ও তার বোন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতাসহ ৮০ জনের নাম উল্লেখ করা হয়।
পুলিমের এই কর্মকর্তা বলেন, এ ছাড়া ২০২৪ সালের ১৪ নভেম্বর শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং উপজেলার হাবিবুল্লাহ নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন চাঁদাবাজির অভিযোগে আদালতে একটি মামলা করেন। সেখানেও চয়ন ও তার বোন মেরিনা জাহান কবিতাকে আসামি করা হয়।
চয়ন ইসলাম দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান।
আরও পড়ুন:
