পাবনায় জীবন্ত ঘোড়া নিয়ে ভোটের প্রচারে
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দুইজন।
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে।
রোববার চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের বিরুদ্ধে অপর চেয়ারম্যান প্রার্থী মো. তানভীর ইসলাম লিখিতভাবে এই অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা আব্দল্লাহ আল মামুন।
অভিযোগে বলা হয়, শুক্রবার বিকালে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে ও মোটরসাইকেল নিয়ে শোডাউন করে প্রচার কাজ চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দুইজন। এদের মধ্যে সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক এবং মো. তানভীর ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী তানভীর বলেন, “সাইফুল ইসলাম কামাল বারবার আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তার সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমার কর্মী, সমর্থক ভোটারদের ভয়ভীতি হুমকি, উচ্ছৃঙ্খল আচরণ করে ভোট দিতে নিরুৎসাহিত করছে।”
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, “আমি ঘোড়া নিয়ে প্রচার করিনি। তবে আমি প্রচারে ঘোড়ার গাড়ি ব্যবহার করেছি। এতে যদি বিধিনিষেধ থাকে তাহলে এটাও পরিহার করব।”
রিটার্নিং অফিসার আব্দল্লাহ আল মামুন বলেন, “জীবন্ত ঘোড়া নিয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারের একটি অভিযোগ পেয়েছি আমরা। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
