১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরাইল রিজিয়নে ছয় মাসে ৩৩১ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১৪০

অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশ ইন’ প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করায় সীমান্তবর্তী জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 06:41 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত বিজিবি উত্তর-পূর্বাঞ্চলীয় সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় থেকে মোট ৩৩০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ১৪০ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে নিজ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী এবং সীমান্তবর্তী জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সেইসঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশ ইন’ প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করায় সীমান্তবর্তী জনগণকে ধন্যবাদ জানান নুরুল আমিন বায়েজীদ।

তিনি বলেন, উত্তর-পূর্ব রিজিয়ন সরাইলের আওতাধীন ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টর এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে।

অভিযানে ৩০৯ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা এবং ৩৭ জনকে আটক করা হয়। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২১ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার এবং ১০২ জনকে আটক করা হয়।

ময়মনসিংহ সেক্টর এককভাবে ১৪ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ এবং একজনকে আটক করে। একইসঙ্গে চার কোটি ৫৯ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার এবং ২৮ জনকে আটক করা হয়। এ ছাড়া একটি পাইপগানসহ একজনকে আটক করা হয়।

অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ সীমান্ত অতিক্রমের তথ্য পাওয়া মাত্র আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল বায়েজীদ।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে পরিচালিত অভিযানে এক লাখ ৫০ হাজার ৮৪৪ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। পাশাপাশি অস্ত্র চোরাচালানবিরোধী অভিযানে ১৫টি অবৈধ অস্ত্র ও ১০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা বায়েজীদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

সীমান্তে চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।

ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল বায়েজীদ।