২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে নারীর মৃত্যু

হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আরও তিনজন আহত হয়েছেন বলে নিহতের ছেলে জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 09:50 AM

Updated : 29 Sep 2022, 09:54 AM

বরিশালের গৌরনদী উপজেলায় ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে এক নারীর।

বুধবার বিকালে উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান।

নিহত শুকরন বিবি (৪৫) বংকুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ঘাস কাটা নিয়ে দুদিন আগে একই গ্রামের সৌদি প্রবাসী বারেক বেপারীর স্ত্রী রিনা বেগমের সঙ্গে শুকরনের ভাই দুলালের ঝগড়া হয়।

“এর জেরে রিনার মেয়ের জামাই নাসির আরও কয়েকজনকে নিয়ে বুধবার সন্ধ্যায় দুলালের উপর চড়াও হয়। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে শুকরনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।”

পরে গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শুকরনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতের ছেলে লিটন তালুকদার সাংবাদিকদের জানান, মায়ের হত্যাকারীরা তাদের ঘরও ভাঙচুর করেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মিনারা বেগম, শিল্পী বেগম ও আবু হানিফ নামের তিনজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।