২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ংদের হিজরতের নামে ব্রেইন ওয়াশ করা হচ্ছে: র‌্যাব ডিজি

বান্দরবানে ড্রোনের মাধ্যমে জঙ্গিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার ও ২১টা অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 12:09 AM

Updated : 27 Oct 2022, 11:06 AM

তরুণদের হিজরতের নামে মগজ ধোলাই করে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি খুরশীদ হোসেন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১ এর সদরদপ্তরে মাদকদ্রব্য ধ্বংস করার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত ২৩ জুলাই সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে জব্দ করা দুই কন্টেইনার ভর্তি বিদেশি মদ বিচারিক হাকিমের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ধ্বংস করা হয়েছে।

মাদক ব্যবসায়ের জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানান র‌্যাবের ডিজি।

তিনি বলেন, “মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি। বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়ে মাদকের সাথে জড়িয়ে পড়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে ডোপ টেস্ট শুরু করার পর দেখা গেছে প্রতিটা ডিপার্টমেন্টে কিছু না কিছু সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকরা পর্যন্ত মাদকের সাথে জড়িয়ে পড়েছেন। শুধু মাদক পরিবহন ও সেবনকারীই নয় মাদকের সিন্ডিকেট যারা পরিচালনা করে তাদের বিরুদ্ধে র‌্যাবের অবস্থান। আমার কাছে অপরাধীর আলাদা কোনো পরিচয় নাই।”

এ সময় র‌্যাব ডিজি জঙ্গি দমন নিয়েও কথা বলেন।

এক প্রশ্নের জবাবে খুরশীদ হোসেন বলেন, “অগাস্ট মাসে পত্রিকায় আমরা দেখলাম, কুমিল্লা থেকে বেশ কিছু তরুণ নিখোঁজ হয়েছে। এ সূত্র ধরে তদন্ত শুরু করে ৫৫ জনের নাম পেলাম। পরে ৩৫ জন হিজরতের নামে বাড়ি ছেড়েছে বলে নিশ্চিত হলাম। তারা কোথায় গেল খুঁজতে গিয়ে কয়েকজন ধরা পড়ল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে ধরা হলো।”

এই কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, “ইয়াং ছেলেদের হিজরতের নামে ব্রেনওয়াশ করা হচ্ছে। বয়স তাদের ১৭ থেকে ২২ বছর। তাদের ব্রেইন ওয়াশ করে বিপথে নিয়ে যাচ্ছে।”

বান্দরবানের রুমাতে সেনাবাহিনী ও র‌্যাবের জঙ্গিবিরোধী যৌথ অভিযান অব্যাহত আছে জানিয়ে র‌্যাব প্রধান বলেন, “এক সময় নর্থবেঙ্গল থেকে জঙ্গি আসত। এর উত্থান হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। সে জঙ্গিরা সারা বাংলাদেশে বিস্তার করল। পরে সমগ্র আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় আমরা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তারা এখন সমতলে সুযোগ না পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা নির্বাচন করেছে।”

পাহাড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আছে উল্লেখ করে তিনি বলেন, “কোনো একটা সংগঠনের ছত্রছায়ায় তারা বান্দরবানের রুমাতে অবস্থান নিয়েছে। খুবই দুর্গম এলাকা জায়গাটি। গাড়ি তো যায়ই না, হেঁটে যেতে আট ঘণ্টা সময় লাগে।

“পরে আমরা তথ্য পেলাম, কোনো একটা সংগঠন তাদের সেখানে প্রশিক্ষণ দিচ্ছে। সবকিছু কনফার্ম হয়ে সরকারের ঊর্ধ্বতন মহলে জানালাম। নির্দেশ মোতাবেক পরে সেনাবাহিনীর সাথে আলোচনা করে ড্রোনের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে আমরা অভিযান চালিয়েছি। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি, ২১টা অস্ত্র উদ্ধার করেছি।”

পাহাড়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নেই জানিয়ে খুরশীদ হোসেন বলেন, “এটা কোনো অস্থিতিশীল অবস্থা না, এটা মূলত জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান। অপারেশনটা এখনও যেহেতু চলছে, শেষ করে আমরা সব জানাব। র‌্যাবের কোনো কিছুই আমরা হাইড করব না।”

পাহাড়ের উপরে যেসব জায়গায় জঙ্গিরা তাঁবু করেছিল সেগুলো গুঁড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছেন জানিয়ে র‌্যাব ডিজি বলেন, তারা দুইভাগ হয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে আছে। সেনাবাহিনী এমন অবস্থান নিয়ে রেখেছে যে তারা বর্ডারের দিকেও যেতে পারছে না, আবার নিচেও নামতে পারছে না।

“এর মধ্যে একজন আত্মসমর্পণ করেছে। সে দশদিন ধরে ভাত খায়নি। আরও এচিভমেন্ট যখন আসবে তখন আমরা বিস্তারিত জানাবো।”

এই সময় নারায়ণঞ্জের মুখ্য বিচারিক হাকিম ফারহানা ফেরদৌস, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল উপস্থিত ছিলেন।