Published : 06 Oct 2025, 08:41 PM
ফরিদপুরের সালথা উপজেলায় কেরাম বোর্ড খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সোমবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সালথা থানার ওসি মো. আতাউর রহমান।
আহতদের মধ্যে আট থেকে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই থেকে তিন দিন আগে রামকান্তপুর গ্রামের একটি বাজারে কেরাম বোর্ড খেলা নিয়ে স্থানীয় ওসমান তালুকদারের সমর্থক রাকিব নামের এক তরুণের সঙ্গে প্রতিপক্ষ কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামের আরেক তরুণের মারামারির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে কেরাম বোর্ডটি থানা নিয়ে যায়। তবে মারামারির ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর এলাকায় ছড়ালে উভয়পক্ষের সমর্থকরা দেশি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টাধাওয়া। এ সময় চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেইনি; পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।