Published : 26 May 2026, 08:13 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, অটোরিকশাটি নাটোরের দিকে যাচ্ছিল। একই দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ইসমাইল হোসেন বলেন, মরদেহ তিনটি থানায় রয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হতাহতরা সবাই পুরুষ।