রংপুরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নয় জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে জেলা প্রশাসক আসিফ আহসান সাংবাদিকদের বলেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে এসে জেলা প্রশাসক আরও জানান, দুর্ঘটনা নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। আহতদেরও সহায়তা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রোববার রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থালেই পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও অন্তত ৩৫ জন।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশশবাড়ি গ্রামের বিনোদ সেনের ছেলে জোয়ানা পরিবহন বাসের চালকের সহকারী (হেলপার) ধনঞ্জয় সেন, একই উপজেলার সয়ার ইউনয়িনের কাজিপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে আনিছুর রহমান, হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কুন্দল পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মহসিন হোসেন সাগর, একই উপজেলার জুয়েল, রায়হান, মুছা মিয়া, ইসলাম পরিবহনের চালক মাহাবুব এবং জলঢাকা উপজেলার নয়ন।
দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, আহতদের স্বজনরা চিকিৎসা ও ওষুধের জন্য ছুটাছুটি করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১৫ জন চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের তৃতীয় তলায় ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারাগঞ্জের উপজেলার সরকার চন্দ্রের ছেলে নিত্যানন্দ। তিনি রংপুর নগরীতে অটোরিকশা চালান।
তিনি জানান, অটোরিকশা চালানো শেষে রাত ১১টার দিকে তিনি ইসলাম পরিবহনের বাসে করে বাড়ির দিকে রওনা দেন। তার পা ও মাথায় আঘাত লেগেছে।
নিত্যানন্দ বলেন, “তখন বৃষ্টি হচ্ছিল। দুটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।”
