১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ভারতীয় চিনি বোঝাই ১৪ ট্রাক জব্দ

জব্দ করা চিনির আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে জানায় পুলিশ।

সিলেটে ভারতীয় চিনি বোঝাই ১৪ ট্রাক জব্দ
সিলেটে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:18 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সিলেট সদর উপজেলায় আনার পথে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ছাড়া একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হলেও কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ সড়কের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাড়িগুলো জব্দ করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

ট্রাকগুলো কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল বলে দাবি পুলিশের।

উপ-পুলিশ কমিশনার আজবাহার বলেন, গোপন খবর পেয়ে সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

তবে পুলিশে উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ও চোরাকারবারিরা পালিয়ে গেছে বলে জানান তিনি। 

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, “ভারত থেকে চোরাই পথে আনা চিনির মধ্যে এটি সবচেয়ে বড় চালান। এতে জড়িতদের ধরতে অভিযান চলছে।”