টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, প্রাণ গেলে ২ জনের
ফায়ার সার্ভিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপ ভ্যানের চালক শিপন এবং তার সহকারী আসলামের মৃত্যু হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ীর এলাকায় এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান।
নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী (৪০) এবং বাগেরহাটের কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)। শিপন পিকআপ ভ্যানের চালক এবং আসলাম তার সহকারী ছিলেন।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক শিপন এবং তার সহকারী আসলামের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।”
ট্রাক ও পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিল্লাল হোসেন।
ওসি আলমগীর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
