মানিকগঞ্জে অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে দুই ভাটাকে জরিমানা
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে ইট পোড়ানো হয়।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে দুটি ইটভাটার মালিককে আট লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম নেতৃত্বে রোববার দুপুরে বলড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী হাকিম মেহের নিগার তনু।
সাইফুল বলেন, হরিরামপুরে তিনটি ইটভাটায় সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে মেসার্স সততা ব্রিকসকে চার লাখ টাকা এবং মেসার্স স্বাধীন ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
তবে একই এলাকার মেসার্স আমিন ব্রিকস স্থায়ীভাবে বন্ধ থাকায় জরিমানা করা হয়নি।
জরিমানা করা দুটি ইটভাটাকে স্থায়ীভাবে বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।
এ ছাড়া দুটি ভাটা মালিককে ব্লক ইট তৈরি করতেও উৎসাহ দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামান, পরিদর্শক মো. হাবিবুর রহমান।
