২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা-৪: ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ, চারজনই বিএনপির

এই আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

পাবনা-৪: ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ, চারজনই বিএনপির
পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 11:21 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও দলের তিন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

এ ছাড়া মঙ্গলবার পর্যন্ত এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি জামিল আক্তার এলাহীর পক্ষে সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন শামসুদ্দোহা পিপ্পু, জাহিদ হোসেন, সুজন আলী, রফিকুল ইসলাম ডাবলু ও ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর ইমন। জামিল আক্তার এলাহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

একই দিন দুপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ ও এস এম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, পৌর আমির মাওলানা গোলাম আজম খান। 

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সোমবার দুপুরে পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, আব্দুস সোবহান, অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, রুহুল আমিন বাবলু, হুমায়ুন কবীর দুলাল, ফজলুর রহমান মাস্টার, আলহাজ আজি হক, এ টি এম, আব্দুস সাত্তার বিশ্বাস, মোহাম্মদ আলী কাজল, মিজানুর রহমান রঞ্জু ফকির, হাজি আব্দুর রশিদ, হাজি আকমল হোসেন।

সিরাজুল ইসলাম সরদারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

রোববার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল ওমর সুমার খান এবং পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি। 

জাকারিয়া পিন্টুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দল মনোনয়ন দিয়েছে। ১৮ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচনি ইতিহাস অনুযায়ী, এই আসনে ১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম সরদার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি জয়ী হন। 

১৯৯৬ (জুন) থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। তার মৃত্যুর পর ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য হন। 

২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৩০ হাজার ১১১ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় দুই লাখ ৯১ হাজার ২৪০ জন এবং আটঘরিয়া উপজেলায় ভোটার এক লাখ ৩৮ হাজার ৮৭১ জন।